ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুজ্জামান রকি (৩৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর এলাকার পদ্মার শাখা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) খন্দকার শফিকুল ইসলাম।
নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকার হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপার কাতলাগাড়ী গড়াই নদী থেকে ১২৩ জনের একটি দল বড় ট্রলারে করে ভেড়ামারার হযরত সোলায়মান শাহের মাজার ও রাজশাহী এলাকায় নৌভ্রমণে বের হন। ফেরার পথে রাত আনুমানিক ৯টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের একটি পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে তিনজন নদীতে পড়ে নিখোঁজ হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে রাকিবুজ্জামান রকি নিখোঁজ ছিলেন।
রোববার সকালে দাদাপুর এলাকায় পদ্মার শাখা নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি রাকিবুজ্জামান রকির বলে শনাক্ত করেন।
ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, ‘রাকিবুজ্জামান রকির মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত ও ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলামও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.