নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মাদককে বর্তমান সময়ে অধিকাংশ অপরাধের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গাজীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ‘বর্তমানে আমাদের সমাজে মাদকই হচ্ছে সব অপরাধের মূল ভিত্তি। আইনশৃঙ্খলার অবনতির পেছনে প্রায় ৯৫ শতাংশ অপরাধই কোনো না কোনোভাবে মাদককে কেন্দ্র করে ঘটছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার আগে মাদক নির্মূল করতে হবে।’
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। অপরাধ দমনে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘শেখ হাসিনার সমর্থকরা যতই ঝটিকা মিছিল করুক না কেন, তাদের এর চরম খেসারত দিতে হবে।’ তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
পাশাপাশি গাজীপুরের সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
সভায় গাজীপুরের বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্যরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা সমস্যা তুলে ধরেন এবং দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, ‘গাজীপুরে অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে কাজ শুরু করেছি। এখন বেশি কথা বলে লাভ নেই, আমাদের কাজ করার সময়। জনগণের প্রত্যাশা পূরণে দৃশ্যমান কাজ করতে হবে।’
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শ্রীপুরে এখনো পুলিশের কাছ থেকে প্রত্যাশিত ভূমিকা পাওয়া যাচ্ছে না। তিনি শ্রীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানান।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মেয়র মজিবুর রহমান বলেন, ‘আগে বিরোধী দলে ছিলাম, এখন সরকারি দলের এমপি হয়েছি। ফলে জনগণের প্রত্যাশা আমাদের প্রতি অনেক বেশি। প্রায় ২০ বছর পৌরসভার মেয়র ছিলাম, এমন বহু সভায় বক্তব্য দিয়েছি। কিন্তু শুধু বক্তব্যে সমস্যার সমাধান হয় না। এখন আমাদের কথা কম বলে বেশি কাজ করতে হবে।’
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আউয়ুবী বলেন, কাপাসিয়ায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রায় প্রতি রাতেই গরু চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সম্প্রতি জমি নিয়ে পারিবারিক বিরোধে একজন খুন হয়েছেন। ওই মামলার আসামিও এখনো গ্রেপ্তার হয়নি। মাদকের পরিস্থিতিও অত্যন্ত ভয়াবহ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, জেলা ও মহানগরের মধ্যে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নগরবাসীর সমস্যা সমাধানে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি তাঁর অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদার করা হয়েছে। অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে সমন্বিতভাবে কাজ করলে গাজীপুরকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে।
সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং অপরাধ দমনে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদারের বিষয়েও সভায় আলোচনা হয়।
এ ছাড়া সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.