নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় বিভিন্ন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও অন্যান্য গোপনীয় তথ্য সংগ্রহ করে বিক্রির অভিযোগে মো. আব্দুস সালাম সরকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রোববার ভোর ৫টার দিকে মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে প্রসাদপুর গ্রামের ‘সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাবের দাবি, আব্দুস সালাম সরকার ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পরস্পর যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ডিজিটাল ডিভাইস, বিভিন্ন অনলাইন আইডি ও মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করে বিভিন্ন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করতেন। পরে সেখান থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও গোপনীয় তথ্য সংগ্রহ করে অর্থের বিনিময়ে সরবরাহ করা হতো।
র্যাব আরও জানায়, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচন অফিসে অস্থায়ী ভিত্তিতে কাজ করার সুবাদে আব্দুস সালামের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সার্ভারে প্রবেশের বিষয়ে ধারণা তৈরি হয়। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন অনলাইন আইডি ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অর্থের বিনিময়ে এসব তথ্য সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
অভিযানের পর আব্দুস সালামের মোবাইল ফোন যাচাই করে একাধিক সিডিআর এবং বিভিন্ন মোবাইল নম্বরের সর্বশেষ অবস্থানসংক্রান্ত তথ্য পাওয়ার কথা জানিয়েছে র্যাব। এসব তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং তারা কী পরিমাণ তথ্য সংগ্রহ ও সরবরাহ করেছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.