মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সেবা নিতে এসে ছাদের প্লাস্টার খসে পড়ে রোগী ও স্বাস্থ্যকর্মীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগের ওই কক্ষে রোগীদের চিকিৎসাসেবা চলছিল। হঠাৎ বিকট শব্দে ছাদের প্লাস্টার খসে পড়তে শুরু করে। এতে জরুরি বিভাগের ইনচার্জ রফিকসহ অন্তত তিনজন আহত হন। আকস্মিক এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, জরুরি বিভাগের ওই কক্ষটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঝুঁকিপূর্ণ থাকা সত্ত্বেও নামমাত্র সংস্কার করে ছাদের ওপর সিলিং লাগিয়ে সেখানে জরুরি বিভাগের কার্যক্রম চালানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এর মধ্যেই ছাদের প্লাস্টার খসে পড়ার ঘটনায় রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে অফিস সূত্রে জানানো হয়, তিনি জরুরি কাজে বাইরে রয়েছেন।
এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের ঝুঁকিপূর্ণ কক্ষটি দ্রুত সংস্কার করে নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.