ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
‘বৃক্ষ রোপণে সাজানো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে এ কর্মসূচির আওতায় পাঁচ হাজার বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দাড়িয়াগাথী বীজ থেকে পার ব্রজপুর পর্যন্ত পাকা সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মো. রেজাউল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিএমডিএর সামাজিক বনায়ন কর্মসূচি পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।
বিএমডিএ আত্রাই কার্যালয় সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় সড়কটির দুই পাশে বিভিন্ন প্রজাতির মোট পাঁচ হাজার বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বিএমডিএ কর্মকর্তা মো. আলী হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক মো. মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, আসাদুজ্জামান বুলেটসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও সাংবাদিকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.