কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলায় ইমরান হোসেন (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার শিলাস্থান গ্রামের কাজীবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান ওই গ্রামের রবিউল্লাহর ছেলে। তিনি বিবাহিত ছিলেন এবং তাঁর দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন ইমরান। পরে রাতের কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে খবর দেন।
বুধবার সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুরের মর্গে পাঠানো হয়।
নিহতের বাবা রবিউল্লাহ বলেন, “আমার ছেলে খুব ভালো ছিল। মঙ্গলবার রাতেও পরিবারের সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছে। পরে কীভাবে এমন ঘটনা ঘটল, তা আমরা বুঝতে পারছি না।”
স্থানীয় কয়েকজন জানান, ইমরান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে তারা জানতেন। পাশাপাশি ব্যক্তিগত দেনা-পাওনা ও বিভিন্ন দুশ্চিন্তায় তিনি ছিলেন বলেও স্থানীয়দের ধারণা। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
ইমরানের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.