উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, উন্নয়নকাজের তদারকিতে গাফিলতি ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার এ অভিযোগ করেন। গত ১৩ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুদক চেয়ারম্যান বরাবর তিনি লিখিত অভিযোগ দেন বলে জানা গেছে।
অভিযোগে মাছুম হাওলাদার দাবি করেন, উজিরপুরে কর্মরত থাকাকালে উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বিভিন্ন উন্নয়নকাজে অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। সড়ক মেরামত, সেতু ও কালভার্ট নির্মাণসহ বিভিন্ন কাজের তদারকিতে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারীর দাবি, সুব্রত রায়ের তদারকিতে থাকা বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণকাজে অনিয়ম হয়েছে। এসব বিষয়ে তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে তিনি দাবি করেন। এছাড়া ধামুরা এলাকার কয়েকটি সেতুর পুরোনো নির্মাণসামগ্রী নিয়েও নানা অভিযোগ রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
মাছুম হাওলাদার বলেন, আগের সরকারের আমলেও সুব্রত রায় প্রভাবশালী অবস্থানে থেকে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। তার তদারকিতে চলমান ও সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়নকাজের অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় তার তদারকিতে থাকা উন্নয়নকাজের স্বচ্ছতা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন দুদকের তদন্তের ওপর নির্ভর করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.