নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ছয় দফা দাবি ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চের প্রথম পথসভাস্থল গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ মোবারক হোসাইনের নেতৃত্বে জামায়াতের একটি বিশেষ প্রতিনিধি দল ভোগড়া বাইপাস মোড় পরিদর্শন করে। এ সময় লং মার্চকে কেন্দ্র করে পথসভাস্থলের প্রস্তুতি, সম্ভাব্য জনসমাগম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন তারা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মুহাম্মদ মোবারক হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল ঘোষিত ছয় দফা দাবির ভিত্তিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে লং মার্চ শুরু হয়ে প্রথম পথসভা হবে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায়। সেখানে ব্যাপক মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন।
মুহাম্মদ মোবারক হোসাইন আরও বলেন, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরে লং মার্চকে ঘিরে মানুষের মধ্যে সাড়া সৃষ্টি হয়েছে। ১৯ সেপ্টেম্বরের কর্মসূচিকে তিনি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।
লং মার্চকে কেন্দ্র করে গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করবেন বলে তারা আশা করছেন। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
জামায়াত নেতারা জানান, ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির খাইরুল হাসান, মো. হোসেন আলী, সেক্রেটারি আ স ম ফারুক, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, গাজীপুর সিটি মেয়রপ্রার্থী ড. হাফিজুর রহমান, ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি ইয়াসিন আরাফাত, টঙ্গী পূর্ব থানা আমির নজরুল ইসলাম, মেট্রো সদর থানা আমির ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছাদেকুজ্জামান খানসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.