নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। এতে জেলার বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমের অবস্থা জানতে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া জেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট বিদ্যুৎ-গ্যাস সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি স্প্যারো ফ্যাশন, ডিবিএল গার্মেন্টস, পল্লী বিদ্যুতের জয়দেবপুর গ্রিড এবং তিতাসের আঞ্চলিক বিপণন কেন্দ্র (স্টেশন) পরিদর্শন করেন।
সম্প্রতি গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়া এবং বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এতে শিল্প মালিকদের উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাসের চাপ আগের তুলনায় বেড়েছে এবং বিদ্যুতের লোডশেডিংও কমেছে বলে দাবি করা হয়েছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গাজীপুরের শিল্পকারখানায় গ্যাসের চাহিদা প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে আগে প্রায় ২৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও বর্তমানে তা প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, শিল্পখাতের উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিল্পের স্বার্থে বর্তমান পরিস্থিতি আরও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম অব্যাহত রাখা হবে।
জেলা প্রশাসক পরিদর্শনকালে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকর্তাদের সঙ্গে গ্যাসের চাপ, বিদ্যুৎ সরবরাহ, লোডশেডিং এবং শিল্পকারখানার উৎপাদন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। তৈরি পোশাক, ডায়িং, স্পিনিং, টেক্সটাইলসহ বিভিন্ন খাতের বিপুলসংখ্যক শিল্পকারখানা এ জেলায় রয়েছে। এসব শিল্পের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে জেলা প্রশাসন।
শিল্প মালিকরা চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন জেলা প্রশাসকের কাছে। তাদের মতে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে উৎপাদন বাড়ার পাশাপাশি উৎপাদন ব্যয় ও শিল্পখাতের ক্ষতির পরিমাণ কমবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.