জয়পুরহাট প্রতিনিধি
দোকান আছে, সাজানো রয়েছে প্রয়োজনীয় পণ্য। কিন্তু নেই কোনো বিক্রেতা। শিক্ষার্থীরা নিজেরাই পছন্দের পণ্য নিয়ে মূল্য তালিকা দেখে নির্ধারিত টাকা পাশের ক্যাশ বাক্সে রেখে দেবে। শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে জয়পুরহাটের কালাইয়ে চালু হয়েছে এমনই ব্যতিক্রমী উদ্যোগ ‘সততা স্টোর’।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সততা স্টোরের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সততা স্টোরটি পরিচালিত হবে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এর কার্যক্রম পরিচালনা করা হবে।
সততা স্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও খাবার সামগ্রী রাখা হবে। কোনো শিক্ষার্থী পণ্য কিনতে চাইলে মূল্য তালিকা দেখে নিজের পছন্দের পণ্য নিয়ে নির্ধারিত মূল্য ক্যাশ বাক্সে রেখে যাবে। দোকানে কোনো বিক্রেতা না থাকায় পুরো প্রক্রিয়াটিই নির্ভর করবে শিক্ষার্থীদের সততা ও দায়িত্ববোধের ওপর।
এ ছাড়া কোনো পণ্য তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলে শিক্ষার্থীরা প্রি-অর্ডার রেজিস্টারে প্রয়োজনীয় পণ্যের নাম লিখে অর্ডার করতে পারবে।
পরে বিদ্যালয়ে অভিভাবকদের বসার জন্য ‘অভিভাবক অপেক্ষাগার’ উদ্বোধন করেন ইউএনও ফয়সল আহমেদ।
সততা স্টোর নিয়ে নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা ও সোনিয়া জানায়, এমন উদ্যোগে নিজেদের সততা প্রমাণের সুযোগ পেয়ে তারা আনন্দিত। তাদের মতে, স্টোরটি একদিকে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পাওয়ার সুযোগ তৈরি করবে, অন্যদিকে নিয়মিত সততা চর্চার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতেও সহায়তা করবে।
বিদ্যালয় ও উপজেলা প্রশাসন জানিয়েছে, শিশু-কিশোরদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সততার চর্চা বাড়ানো এবং সততাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের প্রত্যাশা, ছোটবেলা থেকে এমন চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.