মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে কৃষিজমিতে কীটনাশক স্প্রে করার সময় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে আব্দুল্লাহ আল মামুন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ঝগড়ুপাড়া গ্রামের সন্দলপুর এলাকায় নিজ কৃষিজমিতে কীটনাশক স্প্রে করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহ আল মামুন ঝগড়ুপাড়া গ্রামের মো. আজমল হোসেনের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, মামুন নিজের জমিতে ফসলের জন্য কীটনাশক স্প্রে করছিলেন। এ সময় প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার পর আব্দুল্লাহ আল মামুনকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আখতারুজ্জামান বলেন, প্রচণ্ড রোদ এড়িয়ে তুলনামূলক ঠান্ডা সময়ে জমিতে কীটনাশক স্প্রে করা উচিত। এ সময় পর্যাপ্ত পানি পান, প্রয়োজনীয় বিরতি এবং মাস্ক, গ্লাভস ও দীর্ঘ হাতার পোশাকসহ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে হবে। একই সঙ্গে কীটনাশকের বোতলে থাকা নির্দেশনা মেনে নির্ধারিত মাত্রায় ও নিরাপদ পদ্ধতিতে স্প্রে করার পরামর্শ দেন তিনি।
স্থানীয়রা বলেন, ফসল রক্ষায় কীটনাশক ব্যবহার প্রয়োজন হলেও কৃষকের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা জরুরি। বিশেষ করে প্রচণ্ড গরমে দীর্ঘ সময় মাঠে কাজ করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.