আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই আইসক্রিমের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের অভিযোগে একটি কারখানাকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।
অভিযানকালে মুক্তারপুরের ‘চকো আইসক্রিম ফ্যাক্টরি’তে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম প্রস্তুত করতে দেখা যায়। এ ছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই আইসক্রিমের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল বলে অভিযানে বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ শাহ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানায় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.