আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় সোনার বারের প্রলোভন দেখিয়ে এক নারীকে কৌশলে অচেতন করে তাঁর স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তাঁর সহযোগী বাবলু পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুল্লেশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উজিরপুরে বাবার বাড়ি থেকে গোপালগঞ্জে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ফুল্লেশ্রী এলাকায় ওই নারীকে সোনার বারের প্রলোভন দেখান সোহেল ও তাঁর সহযোগী বাবলু। একপর্যায়ে সোনার বার দেখানোর কথা বলে সেটি ওই নারীর নাকের কাছে নেওয়া হয়। এরপর ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত কোনো রাসায়নিক পদার্থ প্রয়োগ করে তাঁকে অচেতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ সুযোগে ওই নারীর সঙ্গে থাকা স্বর্ণের চেইন ও নগদ ৫০০ টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন সোহেল ও বাবলু। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা ধাওয়া করে সোহেলকে আটক করেন। এ সময় বাবলু পালিয়ে যান।
পরে ঘটনাটি আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানকে জানানো হয়। তাঁর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও আটক সোহেলসহ সংশ্লিষ্টদের থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, এ ধরনের প্রতারণার পেছনে সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। গৌরনদী, আগৈলঝাড়া ও আশপাশের এলাকায় একই ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণা বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা, পলাতক ব্যক্তিকে আটক এবং এ ধরনের ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্থানীয়দের এ ধরনের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.