কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (UNFPA) অর্থায়নে পরিচালিত ‘গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ (GPECM-III)’ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টা ও ১১টায় উপজেলার আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয় এবং আন্ধারমানিক বালিকা বিদ্যালয়ে পৃথকভাবে সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ মজুমদার এবং আন্ধারমানিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিটুল কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস। এছাড়া স্থানীয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মাসফিকুর রহমান, সমাজসেবক শৈলেন্দ্র নাথ মল্লিক ও নেপাল চন্দ্র রায় এবং স্থানীয় স্বাস্থ্যকর্মী উত্তম কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এর ফলে কিশোরীদের শিক্ষাজীবন ও স্বাভাবিক শারীরিক বিকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি তারা নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। বাল্যবিয়েমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; অভিভাবক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজকে সমন্বিতভাবে সচেতন ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদ পরিবেশে নির্ভয়ে শিক্ষা জীবন সম্পন্ন করতে পারে, সে জন্য অভিভাবকসহ সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বাল্যবিয়েকে ‘না’ বলার শপথ গ্রহণের মধ্য দিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.