ফেনী প্রতিনিধি
ফেনীতে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ বন্ধ, গ্যারেজের বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু এবং দ্রুত নীতিমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘রিকশা, থ্রি-হুইলার, ইজিবাইক চালক ও মালিক পরিষদ’।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। একই সঙ্গে চালক ও গ্যারেজ মালিকদের হয়রানি বন্ধেরও দাবি জানান সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ফেনী জেলায় প্রায় ১০ হাজার ব্যাটারিচালিত যানবাহনের ওপর নির্ভর করে প্রায় ৪০ হাজার মানুষের জীবিকা চলে। কিন্তু প্রশাসনের উচ্ছেদ অভিযান ও যানবাহন ডাম্পিংয়ের কারণে এসব চালক ও মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নেতারা অভিযোগ করেন, বৈধভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও বিভিন্ন গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এতে গ্যারেজ মালিকদের পাশাপাশি ব্যাটারিচালিত যানবাহনের চালকরাও সমস্যায় পড়ছেন।
সংবাদ সম্মেলনে উচ্ছেদ ও হয়রানি বন্ধ করে ব্যাটারিচালিত যানবাহনের জন্য দ্রুত একটি কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। একই সঙ্গে যানবাহন ডাম্পিংয়ের পরিবর্তে চালকদের লাইসেন্স প্রদান, প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রয়োজনীয় নিয়মকানুনের আওতায় এনে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানান নেতারা।
তারা বলেন, জীবিকার পথ বন্ধ না করে ব্যাটারিচালিত যানবাহনকে একটি নীতিমালার আওতায় আনা প্রয়োজন। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক নেতা লাল মিয়া বাবুর্চি। এ সময় শ্রমিক নেতা মালেক মনসুর, গ্যারেজ মালিক জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.