গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের নৈরাজ্যের রাজনীতির বদলে কার্যকর জাতীয় সংসদ তৈরি করা হয়েছে। সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা ও ভুলত্রুটি তুলে ধরার সুযোগ পাচ্ছে বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় গৌরনদীর সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রীর রোপণ করা গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, “রাজপথের নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা একটা কার্যকর জাতীয় সংসদ তৈরি করেছি। যেখানে বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে, অধিকার পাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও সরকারকে তারা প্রতিদিন ভুলত্রুটি ধরিয়ে দিয়ে ন্যায্য-অন্যায্য সমালোচনা করেই চলছে।”
তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংস্কারের কাজেও উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদকে কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংসদ যদি সব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়, তাহলে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না বলে মন্তব্য করেন তিনি।
পুলিশ প্রশাসন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের পুলিশ প্রশাসনকে জনগণের সেবক হিসেবে পুনর্গঠন করতে চায় সরকার। তার দাবি, বিগত সরকার পুলিশের ইউনিফর্মকে রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত করেছিল এবং এর ফলে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, “পুলিশকে তাদের মান-সম্মান ও ইজ্জত আবার নতুন করে ফিরিয়ে দিতে চাই।”
আমলাতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ে আমলাতন্ত্রকে দলীয়করণ করা হয়েছিল। সেই আমলাতন্ত্রকে নিরপেক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যাংকিং খাত নিয়ে তিনি বলেন, আমানতকারীদের অর্থ নিরাপদ রাখা এবং প্রকৃত শিল্প উদ্যোক্তাদের ঋণ পাওয়ার সুযোগ তৈরি করতে ব্যাংকিং খাতকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একইভাবে শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
খাল খনন ও কৃষি উৎপাদন বাড়ানোর বিষয়ে জহির উদ্দিন স্বপন বলেন, “খাল খননের মাধ্যমে যদি আমরা প্রতিটি জমিতে পানি পৌঁছাতে পারি এবং দেশে উৎপাদন বাড়াতে পারি, তাহলে আমাদের দেশ খাদ্য রপ্তানির ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারবে।”
গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল-আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজিব খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খানসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.