অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত ও ন্যায্য অর্থায়নে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৈশ্বিক কর্মসূচি ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’-এর অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ এবং ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও আসন্ন কপ-৩১ (COP31)-এর প্রাক্কালে বিশ্বজুড়ে জলবায়ু ন্যায়বিচার ও টেকসই জ্বালানি ব্যবস্থার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশেও জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, জলবায়ু অর্থায়ন নিশ্চিত এবং জনগণের স্বার্থে দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা কলাপাড়ায় নির্মাণাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবি জানান। একই সঙ্গে কলাপাড়ার কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র দুটির অভ্যন্তরে থাকা বিপুল পরিমাণ খালি জায়গায় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের দাবি তোলা হয়।
বক্তারা আরও বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে পরিবেশ দূষণ কমাতে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সরকারসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবেশ দূষণ রোধে কয়লার ব্যবহার ও কয়লাজনিত দূষণ কমানোর কোনো বিকল্প নেই।
মানববন্ধন থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.