দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দীর্ঘ চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীতে আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার দুপুরে গড়াই নদীর ঘোড়াইঘাট এলাকায় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিকেল সাড়ে ৪টায় শুরু হয় মূল প্রতিযোগিতা। নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে নেমে আসে মানুষের ঢল। পাশাপাশি গড়াইপাড়ে বসেছে জমজমাট গ্রামীণ মেলা।
উদ্বোধনী দিনের প্রতিযোগিতায় কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার ৯টি দল অংশ নেয়। বিকেল গড়াতেই মাঝি-মল্লাদের ‘হেইও রে হেইও’ হাঁক আর দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে গড়াই নদীর দুই পাড়। নৌকার ছুটে চলা দেখতে নদীর তীরে শত শত মানুষ ভিড় করেন। অনেকে পরিবার-পরিজন ও স্বজনদের নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে উপভোগ করেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ ২০২২ সালে গড়াই নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর এবার আবারও প্রতিযোগিতা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন বয়সী মানুষ দল বেঁধে নদীর দুই পাড়ে জড়ো হন। প্রতিযোগিতায় অংশ নেওয়া মাঝি-মল্লারাও নিজেদের ঐতিহ্যবাহী খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
নৌকা বাইচকে কেন্দ্র করে গড়াই নদীর পাড়ে বসেছে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের খেলনা, খাবার, মিষ্টি, গৃহস্থালি সামগ্রীসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দর্শনার্থীদের আকৃষ্ট করতে বাহারি পণ্যের সমারোহে মেলা প্রাঙ্গণেও তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
নৌকা বাইচ প্রতিযোগিতার আহ্বায়ক ইমরান হোসেন ইউনুস বলেন, মাদকসহ নানা ধরনের নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। কুষ্টিয়ার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আগামী রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতার সমাপ্তি হবে। প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর জন্য মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.