নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (সকল বিষয়ে) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জনকারী রাবেতা বিনতে রমজানের পরিবারকেও সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার বিকেলে জেলা পরিষদ ডাকবাংলোয় ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৩ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক আখতার হোসেনের সভাপতিত্বে এবং সমিতির কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ.আর.এম সাদাত, সহ-সভাপতি মো. আবাবিল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন ও অর্থ সম্পাদক তানভির আলমসহ অন্যরা।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে সংবর্ধনা পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ গাছ তুলে দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয়।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.