নড়াইল প্রতিনিধি
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদারের নেতৃত্বে একটি অভিযানিক দল যশোরগামী নড়াইল এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব-১১-৯৬৫৮) বাসে তল্লাশি চালায়।
এ সময় বাসের দরজা সংলগ্ন বাম পাশের প্রথম সিটে বসা যাত্রী ইয়াকুব সরদার (৪০)-এর হাতে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াকুব নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের গণি সরদারের ছেলে। এ সময় তার সহযোগী কাঞ্চনপুর গ্রামের আফসু মোল্যার ছেলে সুজন মোল্যা (৩৩)-কেও আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার জানান, একটি কাগজের কার্টনের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি নীল রঙের জিপার পলিতে ২০০ পিস করে মোট ৮ হাজার পিস ইয়াবা রাখা ছিল। এ ছাড়া একটি ওয়ালটন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।
আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেশায় বাস শ্রমিক বলে স্বীকার করেছেন। তাদের নড়াইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত)-এর ৩৬(১) সারণির ১০(গ) ও ৪১ ধারায় নড়াইল সদর থানায় মামলা করা হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.