আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার গৈলা বাজারসংলগ্ন টলঘর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অভিযানে গৈলা বাজারসংলগ্ন টলঘর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্য, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও বাজার কমিটির সদস্যরা সম্মিলিতভাবে ময়লা-আবর্জনা অপসারণ করেন। দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকা স্থানটি পরিষ্কার করে পরিবেশকে বসবাস ও চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা যুবদল নেতা হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপনসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের নিজেদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, প্রশাসনের পাশাপাশি সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনগুলো সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি উপজেলার পরিবেশও আরও সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.