স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে লোহাগড়া উপজেলার কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর পরিপ্রেক্ষিতে লোহাগড়া থানা পুলিশ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এ অভিযান রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত চলে। অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চর মল্লিকপুর গ্রামের কৃষক লীগ নেতা ফরিদ শেখ, কাশিপুর গ্রামের আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান কচি, নলদী ইউনিয়নের বাদশা মোল্যা, কাশিপুর ইউনিয়নের আল আমিন গাইন, শ্রমিক লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মোজাম খান, লক্ষ্মীপাশা এলাকার সৈয়দ বিপ্লব, কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের অপি, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন মোল্যা, যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর আনিসুর রহমান, নোয়াগ্রাম ইউনিয়নের করিম ও মাহবুর।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ, মিছিলসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতার ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম রোববার সকালে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.