জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা এসব সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৫ বস্তা ইউরিয়া ও পাঁচ বস্তা পটাশ সার ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জব্দ করা সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে মোট ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় প্রশাসন ও সূত্রে জানা গেছে, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার মেসার্স শাহীন ট্রেডার্সের মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের এসব সার পাশের নওগাঁ জেলার ধামইরহাটে পাচারের চেষ্টা করছিলেন।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সরকারি সার অবৈধভাবে পাচারের চেষ্টার অভিযোগে পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাতনামা পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার নিয়ে কোনো ধরনের অনিয়ম ও পাচার ঠেকাতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.