দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু, সাংবাদিক হাসান আলী ও শরীফসহ অন্যরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি কিংবা প্রভাব বিস্তার করে সংবাদ প্রকাশ বন্ধ করা যাবে না। সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর হামলার ঘটনায় মামলা হলেও এখনো আসামিদের গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
উল্লেখ্য, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব উল আহসান উল্লাস।
এ ঘটনায় শনিবার রাতে তিনি কুমারখালী থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারে কুষ্টিয়া-৪ আসনের এমপি আফজাল হোসেনের বডিগার্ড রুহুল আমিন, তাঁর ভাই আনোয়ার হোসেন ও ছেলে শোভন হোসেনের নামও উল্লেখ রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.