আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে একটি টেলিকম ও বৈদ্যুতিক মালামালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে ক্রেতাদের কাছে পাওনা প্রায় ২ লাখ ২০ হাজার টাকার বকেয়া হিসাবের খাতাও পুড়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার প্রতাপনগর বিট হাউজ মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় দোকান মালিকের পক্ষে মারুফ বাল্লাহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে অভিযুক্ত করে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মারুফ বাল্লাহ প্রতাপনগর ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরুল ইসলাম মোড়লের ছেলে।
লিখিত অভিযোগে বলা হয়, প্রতাপনগর বিট হাউজ মোড়ে মারুফ বাল্লাহদের টেলিকম ও বৈদ্যুতিক মালামালের দোকান রয়েছে। দোকানটি তার ছোট ভাই মাহবুবুল্লাহ মাঝে মধ্যে পরিচালনা করেন। গত ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে দ্বিতীয় অভিযুক্তের সঙ্গে মাহবুবুল্লাহর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে দোকান থেকে টেনে বাইরে নিয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা মাহবুবুল্লাহকে মারধর ও গুরুতর ক্ষতির হুমকি দিয়ে চলে যান। পরদিন ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে দোকান বন্ধ করে মাহবুবুল্লাহ বাড়িতে চলে যান। রাত দেড়টার দিকে গ্রামের লিয়াকত আলী মোবাইল ফোনে দোকানে আগুন লাগার খবর দেন।
খবর পেয়ে মাহবুবুল্লাহ, তার বাবা-মা ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দোকানে আগুন জ্বলতে দেখেন। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
দোকান মালিকের দাবি, আগুনে দোকানে থাকা প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া ক্রেতাদের কাছে পাওনা প্রায় ২ লাখ ২০ হাজার টাকার বকেয়া হিসাবের খাতাও পুড়ে গেছে।
এ ঘটনায় আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগের বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.