নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রভাষকদের নিয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে হিট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বাউবির গাজীপুর ক্যাম্পাসে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। বাউবির আইকিউএসি পরিচালক ও প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং (পিডিটি) প্রোগ্রামের কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ ধরনের প্রশিক্ষণ আন্তর্জাতিক মানের শিখন ও শিক্ষাদানের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি উন্নত গবেষণায় উদ্বুদ্ধকরণ, নেটওয়ার্কিং এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার্থীদের অগ্রগতি ও শিক্ষার মান উন্নয়নে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ইউটিটিএর একাডেমিক ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আধুনিক শিক্ষাদান পদ্ধতি, প্রযুক্তির কার্যকর ব্যবহার, গবেষণা দক্ষতা, মূল্যায়ন কৌশল ও শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। এতে তাঁদের শিক্ষাদানের মান, পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক অবদান আরও উন্নত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের কোর্স পরিচালক ও বাউবির আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, হিট প্রকল্পের উইং ম্যানেজার ও রিসার্চ কো-অর্ডিনেশন স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ, হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং হিট ট্রেনিং উইংয়ের প্রধান অধ্যাপক সেলিনা জামান।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা ইয়াসমিন এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রামের ফ্যাশন ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক রাশীদুল হাসান শরীফ।
হিট প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচে ২৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন সহকারী অধ্যাপক ও প্রভাষক অংশগ্রহণ করছেন। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা ও শিক্ষাদান সক্ষমতা উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.