যশোর প্রতিনিধি
ঢাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে যশোরে গত দুই দিনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের একাধিক সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট থেকে জানা যায়, গত দুই দিনে যশোর-বেনাপোল, যশোর-খুলনা, যশোর-রাজগঞ্জ, যশোর-চুকনগর, যশোর-মাগুরা, যশোর-কুষ্টিয়া ও যশোর-নড়াইল সড়কে অবরোধ করা হয়। এর মধ্যে যশোর-খুলনা ও যশোর-মাগুরা সড়কে একাধিকবার অবরোধের কর্মসূচি পালন করা হয়।
বিদেশে অবস্থানরত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে বিপুলের ফেসবুক অ্যাকাউন্টে অবরোধের ছবি, ভিডিও ও কর্মসূচির তথ্য প্রচার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব পোস্টে কর্মসূচির উদ্দেশ্য হিসেবে ‘ঢাকা লকডাউন সফল করার লক্ষ্যে’ সড়ক অবরোধের কথা উল্লেখ করা হয়েছে।
অবরোধের সময় কয়েকটি সড়কে আগুন জ্বালানো হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অবরোধকারীরা কর্মসূচি শেষ করে চলে যান। এ কারণে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘এ ধরনের কোনো খবর আমার জানা নেই।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.