নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই রাতে পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের সহসভাপতি মনিরুল ইসলাম সাজুকে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পুরোনো ব্রিজ এলাকায় ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক দুইজন হলেন উপজেলার হঠাৎপাড়া এলাকার এমার হোসেনের ছেলে ইমরান হোসেন (২১) এবং সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে বদলগাছী থানার কাছাকাছি ছোট যমুনা নদীর নতুন ব্রিজ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মশাল মিছিল করেন। পরে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায় বলে দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় রোববার রাত সাড়ে ৮টার দিকে পুরোনো ব্রিজ এলাকায় ইমরান ও আরিফকে দেখতে পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত মথুরাপুর ইউপি ছাত্রদলের সভাপতি মো. মুনসুর আলী বলেন, ইমরান ও আরিফ কয়েক মাস ধরে আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে আসছিলেন। গত শুক্রবারের মিছিলের ভিডিও তারা নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগ রয়েছে। এ কারণে তাদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।
ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, কোনো ব্যক্তিগত বিরোধের কারণে তাদের আটক করা হয়নি। তাদের কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাওয়ার জন্য আটক করা হয়েছিল। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে আটকের সময় দুইজনকে মারধরের অভিযোগের বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ইমরান হোসেন ও আরিফ হোসেন নামে দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। একই রাতে পুলিশের বিশেষ অভিযানে মনিরুল ইসলাম সাজু নামে আরও একজনকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.