আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘শ্যামনগর সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে উপজেলা জেসি কমপ্লেক্স ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে পথসভায় মিলিত হয়।
মিছিলে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, গাজী নজরুলের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পথসভায় বক্তব্য দেন নওয়াবেকীর আবুল কালাম মোড়ল, আসাদুজ্জামান মিঠু, আইয়ুব আলী, কৈখালীর আনিছুর রহমান, নূরনগরের আবু ইউসুফ, বুড়িগোয়ালিনীর আবিদ হাসান, রুস্তম আলী ও কাশিমাড়ীর আজিজুর সরদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ব্যবসায়ীরা।
বক্তারা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পরে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয় বলে জানা যায়।
এর মধ্যে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯)-এর মরদেহ রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। গত রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।
মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.