দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কয়েক ঘণ্টার মধ্যে জামিন দেওয়ার প্রতিবাদে আদালত ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও করেন তারা।
কর্মসূচিতে অংশ নিতে সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে গেলে পুলিশ প্রধান ফটক আটকে দেয়। এ সময় সংবাদকর্মীরা গেট খুলে ভেতরে প্রবেশ করলে পুলিশের সঙ্গে তাদের হট্টগোল হয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে সাংবাদিকরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় সাংবাদিক নেতারা এজাহারভুক্ত আসামিদের জামিন বাতিল এবং মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, আনিসুজ্জামান ডাবলু, জ্যেষ্ঠ সাংবাদিক লুৎফর রহমান কুমার, হাসান আলী, আবু বক্কর ও কে এম আর শাহীনসহ সাংবাদিক নেতারা।
উল্লেখ্য, শনিবার কুমারখালী পৌরসভার একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের তথ্য সংগ্রহের সময় বাংলা টিভির প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি ওইদিনই থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন, ভাই আনোয়ার হোসেন ও কথিত পিএস মারুফসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে তাদের জামিন দেওয়া হলে এর প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.