ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে ‘টাকী রিপন’ (৪৫)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) এসআরবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) ও এসআরবি-৪ (ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। এ সময় ফরিদপুর কোতোয়ালি থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম ফরিদপুরের কোতোয়ালি থানার ঈশান গোপালপুর এলাকার মৃত আব্দুল হক বেপারীর ছেলে।
পরে গ্রেফতার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ভোরে ফরিদপুরের ঈশান গোপালপুর এলাকায় পৃথক অভিযান চালায় আভিযানিক দল। এ সময় দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতার সাইফুল ইসলাম একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, দুটি দস্যুতা মামলা, একটি চুরি মামলা, একটি এসিড অপরাধ দমন আইনের মামলা এবং একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলা রয়েছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে এসআরবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.