ঝালকাঠি প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি সংস্থা ও কমিউনিটির মধ্যে সমন্বয় জোরদার করতে ঝালকাঠিতে জেলা পর্যায়ে ‘রিস্ক কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট (আরসিসিই)’ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে সভায় সহযোগিতা করে ইউনিসেফ, বাংলাদেশ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, ইউনিসেফের প্রতিনিধি আবদুল জলিল, ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা তাবাচ্ছুম এবং বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা সংবাদদাতা মো. শাহীন আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং যৌথভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি খাল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে। পৌরসভার কর্মীদের নিয়ে পরিচ্ছন্নতার কর্মপরিকল্পনা করা হবে। স্কুলের অ্যাসেম্বলি ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হবে। পাশাপাশি মসজিদে জুমার নামাজের আগে ইমামদের খুতবার মাধ্যমে জনসচেতনতা তৈরির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থাও করা যেতে পারে।
সভায় জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা নিয়মিত অপসারণ করতে হবে। এডিস মশার কামড় থেকে বাঁচতে শরীর ঢেকে রাখা পোশাক পরা এবং দিনে ও রাতে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। ডেঙ্গুর বিপদচিহ্ন দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার কথাও জানানো হয়। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.