নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। টানা ৪৮ ঘণ্টার অভিযানে নাটোর, বগুড়া, জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বগুড়ার আদমদীঘি উপজেলার চা-বাগান কলোনির মো. মনিরুল ইসলাম ওরফে বাইরুল ওরফে বেলাল (৩৮) এবং নওগাঁর রাণীনগর উপজেলার রাজাপুর গ্রামের মো. নাহিদ হোসেন (২২)।
পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় নবীর খানের শেডের সামনে নির্জন সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা প্রথমে এক হাঁস ব্যবসায়ী, পরে এক ভ্যানচালক এবং দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহীর পথরোধ করে।
অভিযোগ রয়েছে, ছিনতাইকারীরা ধারালো হাসুয়া ও দেশীয় অস্ত্র দেখিয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়। পরে তাদের কাছ থেকে কয়েক হাজার টাকা ও ছয়-সাতটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় কয়েকজন ভুক্তভোগী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের পরনের কাপড় কেটে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা, রাণীনগর ও আত্রাই থানার সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি, ডাটা বিশ্লেষণ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দুই দিনের মধ্যে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
পরে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে টানা ৪৮ ঘণ্টা নওগাঁ, নাটোর, বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে একটি হাসুয়া, ভুক্তভোগীর একটি মোবাইল ফোনসহ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মনিরুল ইসলাম ওরফে বাইরুলের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। তিনি ১৭ মাস কারাগারে ছিলেন এবং সম্প্রতি কারামুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়েছেন।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.