দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। এসব ঘটনার পর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এর কয়েক ঘণ্টা পর দুপুর ৩টার দিকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে।
দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে পরিস্থিতি বিবেচনায় সোমবার বিকেলে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয় ক্রীড়া আয়োজক উপ-কমিটি।
ইবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোর সভাপতিদের মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.