উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) উদ্যোগে ‘মাটির ব্যাংক’ সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বীরগঞ্জ উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীরগঞ্জ এডিপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে এবং সাদিয়া আক্তার জেমির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রবার্ট কমল সরকার শিশুদের সঞ্চয়ী উদ্যোগের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। পরে উদ্যোগটির সার্বিক অগ্রগতি ও তথ্য উপস্থাপন করেন বীরগঞ্জ এডিপির প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, বীরগঞ্জ উপজেলার মোট ৫ হাজার ৭৯২ জন শিশু ‘মাটির ব্যাংক’ সঞ্চয়ী উদ্যোগে অংশ নিয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৯৭ জন ছেলে ও ৩ হাজার ২৯৫ জন মেয়ে। মাটির ব্যাংকে সঞ্চয় করা অর্থ ভেঙে শিশুদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ লাখ ৬৬ হাজার ৮০৭ টাকা।
সঞ্চয়ের অর্থ দিয়ে শিশুরা বিভিন্ন গৃহপালিত পশুপাখি কিনেছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ৩০৫টি হাঁস, ৩ হাজার ১১৭টি মুরগি, ৩৬৮টি কবুতর ও ৯টি খরগোশ। এসবের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৯ হাজার ৫৬৮ টাকা। এছাড়া ৫২৪টি ছাগলের মূল্য ১৪ লাখ ৮৩ হাজার ৬৯০ টাকা। পাশাপাশি ব্যাংক হিসাবে জমা রয়েছে আরও ১ লাখ ৭৫ হাজার ৯৪০ টাকা।
সব মিলিয়ে শিশুদের সঞ্চয় ও সঞ্চয় থেকে সৃষ্ট সম্পদের মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৮৬ লাখ ৭৮ হাজার ২০৫ টাকা।
অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি তুলে ধরেন মো. সাকিব ইসলাম ও অনুরাধা রানী। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সুজালপুরের আরসি শিশুর অভিভাবক ছবি বেগম।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন। তিনি শিশুদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, ‘ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিশুদের ভবিষ্যৎ পরিকল্পনা ও আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।’
তিনি শিশুদের এ প্রশংসনীয় উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
পরে অনুষ্ঠানে সর্বোচ্চ সঞ্চয়কারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শেষে বীরগঞ্জ এডিপি ম্যানেজার রবার্ট কমল সরকারের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.