কুবি প্রতিনিধি
বায়োটেকনোলজি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ-২০২৬’ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। জাপানের ‘দ্য সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান’ (এসবিজে) তাঁকে এ সম্মাননা দিয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর সকালে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এসবিজের ৭৮তম কনফারেন্সে ড. জান্নাতুল ফেরদৌসের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত তাঁর গবেষণার বিষয় ‘ইঞ্জিনিয়ারিং ন্যানোজেল ডিসপারশন ফর অ্যাডভান্সড ড্রাগ ডেলিভারি সিস্টেমস’। উন্নত ও কার্যকর ওষুধ সরবরাহব্যবস্থা তৈরিতে ন্যানোজেল ডিসপারশন নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এ গবেষণা উন্নত ওষুধ সরবরাহব্যবস্থা তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। একই সঙ্গে তাঁর গবেষণা ভবিষ্যতে চিকিৎসা ও ওষুধবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে ড. জান্নাতুল ফেরদৌস বলেন, “নিজের মেধা ও মনন দিয়ে বিশ্বের গবেষকদের সঙ্গে প্রতিযোগিতা করেছি। আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে যখন আমার বিশ্ববিদ্যালয় ও দেশের নাম উচ্চারিত হচ্ছিল, তখন খুব গর্ববোধ করি।”
পুরস্কার অর্জনের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ড. জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.