সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নূর মসজিদ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম রসুল তরফদার নেওয়াজ, জেলা যুবদলের শাহেদ সোমী বাদশা, মো. মনিরুজ্জামান মান্না, মো. সাইফুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম, শেখ নূরুজ্জামান আল মাসুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবুল হাসান, ওমর আলী মুন্না, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বাগেরহাট জেলা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনায় শৃঙ্খলা ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তারা দাবি করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে বলেও বক্তব্যে উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা যাতে জনজীবন ও দেশের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.