হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত ফি ২ হাজার ৮৫০ টাকা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে মোট ৩ হাজার ৪৩০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন কলেজে গিয়ে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ১৩০ টাকার একটি রশিদ দেওয়া হচ্ছে। এর বাইরে অফিস থেকে ভর্তি ফরম উত্তোলনের সময় আরও ৩০০ টাকা নেওয়া হচ্ছে। ফলে একজন শিক্ষার্থীর কাছ থেকে মোট ৩ হাজার ৪৩০ টাকা আদায় করা হচ্ছে। এতে কলেজ নির্ধারিত ফির চেয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৫৮০ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খানের স্বাক্ষরিত গত ২ সেপ্টেম্বরের উচ্চমাধ্যমিক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি ফি ও অন্যান্য ফি আদায় তালিকা অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে মোট ২ হাজার ৮৫০ টাকা নেওয়ার কথা। তবে ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদে পৃথক খাত উল্লেখ না করে একসঙ্গে ৩ হাজার ১৩০ টাকা জমা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এরপর রশিদ জমা দিয়ে কলেজ অফিস থেকে ফরম উত্তোলনের সময় আরও ৩০০ টাকা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ভর্তি কমিটির প্রধান ও কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নানের কাছে জানতে চাইলে তিনি কোন খাতে কত টাকা নেওয়া হচ্ছে, তা দেখাতে পারেননি। অতিরিক্ত ৩০০ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “তথ্য ও নির্দেশনাবলী বই দেওয়ার জন্য এই টাকা নেওয়া হচ্ছে। এটি সব কলেজেই নেওয়া হয়।”
৩ হাজার ১৩০ টাকা আদায়ের বিষয়ে উপাধ্যক্ষ বলেন, “হিসাবের ভুল হয়েছে। পরে এটি সমন্বয় করা হবে।”
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান বলেন, “উচ্চমাধ্যমিক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি ফি ও অন্যান্য ফি আদায় তালিকায় ২ হাজার ৮৫০ টাকা নেওয়ার কথা। বেশি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এমনটি হয়ে থাকলে পরে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।”
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ অঞ্চলের কলেজ শাখার উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “অধ্যক্ষ স্বাক্ষরিত ভর্তি ও অভ্যন্তরীণ ফি ছাড়া অন্য কোনো টাকা নেওয়ার নিয়ম নেই। রশিদ ছাড়া টাকা নেওয়াও অনিয়ম।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.