স্টাফ রিপোর্টার, নড়াইল
‘অন্যায় ও দুর্নীতি করব না, অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখব। দেশের প্রতি অনুগত থাকব। দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকব।’—এই শপথ নিয়েছে নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনা ও তত্ত্বাবধানে লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, দুপ্রকের সাধারণ সম্পাদক মারুফ সামদানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী বিশ্বাস, উপজেলা দুপ্রকের সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী ও নির্বাহী সদস্য অধ্যাপক আবু আবদুল্লাহ প্রমুখ।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “শুধু অর্থ আত্মসাৎ করলেই দুর্নীতি হয়? নিজের কাজটি সঠিকভাবে না করাও দুর্নীতি। দায়িত্ব-কর্তব্য পালন না করাও দুর্নীতি। আমরা সময়ের কাজ সময়ে করি না, এটাও দুর্নীতি।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সব সময় যুদ্ধে জিততে হয় না। সব কথার জবাব দিতে হয় না। নীরব থাকাও শক্ত প্রতিবাদ। বিদ্যালয়ের আঙিনা ও নিজের বসতবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে শিক্ষার্থীদের। এটি শুধু শিক্ষক বা মা-বাবার দায়িত্ব নয়।”
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক কয়েকজন শিক্ষার্থীকে ভালো মনের মানুষ হিসেবে চিহ্নিত করে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.