শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বয়স ৮৮ বছর। শারীরিক নানা জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ। তবুও থেমে নেই পথচলা। জীবনের অন্তিম লগ্নেও বিপ্লবী আদর্শ ও রাজনীতির প্রতি অবিচল থেকে মানুষের দ্বারে দ্বারে দলের মুখপত্র সাপ্তাহিক ‘একতা’ পৌঁছে দিচ্ছেন প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড কাজী সোহরাব হোসেন।
বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মৃত ফজলুল হক কাজীর ছেলে কমরেড সোহরাব হোসেন। তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক এবং বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির কন্ট্রোল কমিশনের সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির প্রথম সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, বয়সের ভার ও শারীরিক নানা জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন কমরেড সোহরাব হোসেন। চিকিৎসকদের বিশ্রামের পরামর্শ এবং শারীরিক দুর্বলতা সত্ত্বেও থেমে নেই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড। সমাজ বদলের স্বপ্ন ও প্রগতিশীল মতাদর্শের প্রচারকে তিনি জীবনের ব্রত হিসেবে নিয়েছেন। অসুস্থ শরীরেও নিয়মিত মানুষের কাছে সাপ্তাহিক ‘একতা’ পৌঁছে দিচ্ছেন তিনি।
কমরেড সোহরাব হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ১৯৬২ সালে নাজিরপুরের মালিখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর নওয়াপাড়া থেকে এইচএসসি এবং খুলনা দৌলতপুর কলেজ থেকে ডিগ্রি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে তিনি চিতলমারী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজনীতির সঙ্গে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিপিবির কেন্দ্রীয় কমিটির কন্ট্রোল কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আর্থিক অনটন ও শারীরিক অসুস্থতার মধ্যেও দলের মুখপত্র সাপ্তাহিক ‘একতা’ মানুষের হাতে পৌঁছে দেওয়ার কাজটি নিয়মিত করে যাচ্ছেন তিনি। তাঁর এই নিষ্ঠা ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং সচেতন মহলে আলোচনা ও শ্রদ্ধার জন্ম দিয়েছে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা জানান, কমরেড সোহরাব হোসেনের ত্যাগ ও নিষ্ঠা বর্তমান প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য একটি জীবন্ত পাঠশালা। জীবনের শেষ সময় পর্যন্ত জনগণের অধিকার আদায়ের লড়াই এবং সুস্থ ধারার রাজনীতির পক্ষে তাঁর অবস্থান স্মরণীয় হয়ে থাকবে।
চিতলমারী উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড কাজী মনিরুজ্জামান বলেন, ‘সোহরাব হোসেন স্যার একজন গুণী মানুষ। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অনেক অবদান রয়েছে। নৈতিক আদর্শ নিয়ে তিনি রাজনীতি করেন। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। একদিকে মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন, অন্যদিকে রাজনীতির আদর্শিক দিক তুলে ধরার চেষ্টা করেছেন। এ কারণে তিনি এখন অনেকের কাছে অনুকরণীয়।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.