হুমায়ন কবির মিরাজ, বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ ও সহযোগিতাদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনের পাশাপাশি উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশে পড়াশোনার সুযোগ এবং বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বিএইচই ইউনির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও ডা. শফিক রহমানের সার্বিক তত্ত্বাবধানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য। এ সাফল্যের ধারাবাহিকতায় উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া জরুরি। বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, কোর্স, ভর্তি-যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আগেভাগে সঠিক ধারণা থাকলে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে পারে।
বক্তারা আরও বলেন, বিএইচই ইউনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য ও পরামর্শ দিয়ে থাকে। শিক্ষার্থীদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়াতেও সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএইচই ইউনির প্রতিনিধি প্রভাষক আবু হাসান ও ওয়ায়েস উল কাদির পরশ, বাগআঁচড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহানারা খাতুন এবং বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী জুবায়ের।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন খাদিজা খাতুন, কানিজ আহম্মেদ, সামিহা ফেরদৌস, তানজিম আহম্মেদ ও রেজওয়ান আহম্মেদ। তারা নিজেদের সাফল্যের অনুভূতি প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ ছাড়া অনুষ্ঠানে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, রিতা রানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.