নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং সার ও বীজ বিক্রেতা সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে সারের বরাদ্দ দেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা যাবে না। কৃষকদের জন্য সরকার সারে উল্লেখযোগ্য ভর্তুকি দিচ্ছে উল্লেখ করে তিনি সার ডিলারদের সরকারি সব নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেন।
তিনি সার বিক্রির ক্ষেত্রে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রেতাকে বাধ্যতামূলকভাবে ক্যাশ মেমো দেওয়া, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সার উত্তোলন এবং সরকার নির্ধারিত স্থানে সার ও বীজ বিক্রি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির চেষ্টা কিংবা সরকারি বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি কৃষকদের শুধু উৎপাদনের পরিমাণ বাড়ানোর পাশাপাশি গুণগত মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। মানসম্মত কৃষিপণ্য উৎপাদন বাড়ানো গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে কৃষকরা আরও লাভবান হতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.