পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা প্রায় ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের শাড়ি ও পাঞ্জাবিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া উপজেলার আমান উল্লাহ কলেজের সামনে ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া পাকা সড়কে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, একটি ট্রাকে করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি পরিবহন করা হচ্ছিল। এ সময় ট্রাকটি আটক করে তল্লাশি চালানো হয়। পরে এসব পণ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মো. বাকি বিল্লাহ সিকদার (৫৫), বরিশালের মুলাদী উপজেলার মো. শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মো. সিয়াম সরদার (১৯)।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জগলুল হাসান বলেন, চোরাচালানের মাধ্যমে আনা শাড়ি ও পাঞ্জাবি পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.