ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আত্রাই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
বক্তব্যে তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, সন্ত্রাস ও নৈরাজ্য এবং সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দেশের শান্তি, জননিরাপত্তা ও অগ্রগতি অব্যাহত রাখতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম।
কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.