
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর সরকারি স্কুলগুলোতে তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবকরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করে সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া উচিত। লটারির মাধ্যমে ভর্তি করা হলে দীর্ঘদিন ধরে পড়াশোনা ও প্রস্তুতি নেওয়া মেধাবী শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
তারা বলেন, সরকারি স্কুলে তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আগের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু করা প্রয়োজন। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের পড়াশোনা ও প্রস্তুতির মূল্যায়ন না করে শুধু লটারির মাধ্যমে ভর্তি নির্ধারণ করা হলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
এ সময় দ্রুত ভর্তি নীতিতে পরিবর্তন এনে তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.