রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি বলেন, মানসম্মত শিক্ষা ছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী চিত্রা মহিলা ডিগ্রি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হেলাল বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ শুধু পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখা যায়।
তিনি বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, পরিবার ও সমাজেরও। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ অর্জন করতে হবে।”
শিক্ষার পরিধি পাঠ্যবইয়ের বাইরে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। প্রযুক্তির জ্ঞানকে ইতিবাচক কাজে ব্যবহার করে নিজেদের দক্ষ করে তুলতে হবে।
আজিজুল বারী হেলাল আরও বলেন, বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর। সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে হবে। বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নৈতিক ভিত্তিও শক্ত করতে হবে।
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি শিক্ষিত নারী শুধু একটি পরিবারকেই আলোকিত করেন না, সমাজ পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে এমপি হেলাল বলেন, কলেজজীবনকে শুধু সনদ অর্জনের সময় হিসেবে দেখলে চলবে না। এই সময়েই ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করে নিজেকে প্রস্তুত করতে হবে। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বহুমাত্রিকভাবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে চিত্রা মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণ ও ডিগ্রি পর্যায়ে এমপিওভুক্তির যৌক্তিকতা গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও এমপি আজিজুল বারী হেলালের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। কলেজ পরিবার, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং তেরখাদাবাসীর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো কিংবা প্রশাসনিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার পরিবেশ, মানসম্মত পাঠদান, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশের সুযোগ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে তেরখাদার নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে ভূমিকা রেখে আসছে। জাতীয়করণ ও ডিগ্রি পর্যায়ে এমপিওভুক্তির যৌক্তিকতা গ্রহণের ফলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও চিত্রা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি কে এম আলী নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়।
এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক (কলেজ) ডা. এস এম সাজ্জাদ, তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা তাদের নতুন শিক্ষাজীবনের সফলতা কামনা করেন এবং পড়াশোনার পাশাপাশি জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা, মানবিকতা ও সৃজনশীলতার চর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.