গিয়াস উদ্দিন মিয়া,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মন্ত্রীর পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়াকে জবাবদিহিতার মধ্যে না রাখা হলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’-এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে মানুষকে জবাবদিহিতার মধ্যে না রাখলে যেমন বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, তেমনি একটি রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়াকেও ধারাবাহিক জবাবদিহিতার মধ্যে রাখতে হয়। তা না হলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য।
সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, “পৃথিবীর কোনো সভ্য দেশে জবাবদিহিতাবিহীন কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না। একটি বড় মিডিয়া হাউজের মালিক হলেই তিনি সবাইকে জবাবদিহি করাবেন, কিন্তু তাকে জবাবদিহি করতে হবে না—এটা হতে পারে না।”
তিনি আরও বলেন, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান কর দেয় কি না, সাংবাদিক-কর্মচারীদের নিয়মিত বেতন দেয় কি না, ওয়েজবোর্ড অনুসরণ করে কি না, সম্পাদকীয় নীতিমালা মেনে চলে কি না এবং সংবাদের নামে অপতথ্য ছড়াচ্ছে কি না—এসব জানার অধিকার জনগণের রয়েছে।
জহির উদ্দিন স্বপনের অভিযোগ, দেশে গণমাধ্যমের জবাবদিহিতার কাঠামো যথাযথভাবে তৈরি না হওয়ায় গণমাধ্যমের একটি অংশের মধ্যে ‘ফ্রাঙ্কেনস্টাইন মনোজগৎ’ তৈরি হয়েছে। তাদের দাবি অনুযায়ী, বিভিন্ন সময় গণমাধ্যমের একটি অংশ রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মিডিয়া ট্রায়াল ও চরিত্র মূল্যায়ন করেছে।
তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের সময় গণমাধ্যমের একটি অংশ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে। এসব গণমাধ্যমের ভূমিকার কারণে তরুণ রাজনৈতিক কর্মীদের একটি অংশ জাতীয় পর্যায়ে পরিচিতি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যমের অধিকার ও ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সেই ক্ষমতা যাতে দেশের বা মানুষের বিরুদ্ধে ব্যবহৃত না হয়, সেজন্য গণমাধ্যমকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে থাকতে হবে।
অনুষ্ঠানে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশক ও সম্পাদক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ ও সদস্য সচিব সফিকুর রহমান স্বপন শরীফসহ অন্যরা।
পরে একই দিন দুপুর ১২টায় আয়োজিত কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.