
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে আগৈলঝাড়া বাইপাস সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, পরিকল্পিতভাবে সড়কের পাশে, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের ব্যবহারযোগ্য স্থানে উপযোগী ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করতে হবে। একটি চারা রোপণের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার পথ তৈরি হয়।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার পাশাপাশি রোপণ করা প্রতিটি চারাকে বড় করে তোলার দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে মোট ৩ হাজার ২০০টি ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.