দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামে এক যুবককে একটি দোকানের পিলারের সঙ্গে বেঁধে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। মারধরের একপর্যায়ে তার একটি পা ভেঙে যায় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুহুল হোসেন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার স্বরূপের ঘোপ এলাকার রশিদ হাজামের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রুহুল হোসেন জয়রামপুর বাজারে গেলে সেখানে বসে থাকা এক ব্যক্তির আইফোন চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করে একটি দোকানের পিলারের সঙ্গে বেঁধে মারপিট করেন। একপর্যায়ে তার একটি পা ভেঙে যায় এবং মাথার চুলও কেটে দেওয়া হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুহুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দৌলতপুর থানা পুলিশ জানায়, মারধরের ঘটনায় রুহুলের একটি পা ভেঙে গেছে। এছাড়া তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার এএসআই নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত রুহুলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকের মাধ্যমে জানা যায়, তার একটি পা ভেঙে গেছে। এছাড়া হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। আহত অবস্থায় থাকায় ওই সময় পুলিশ তাকে নিয়ে মামলা করার প্রক্রিয়ায় যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, তিনি বর্তমানে দৌলতপুরে নেই, কুষ্টিয়ায় আছেন। এ কারণে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানেন না।
এদিকে, রুহুলের বিরুদ্ধে ওঠা মোবাইল ফোন চুরির অভিযোগের সত্যতা এবং তাকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.