স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে চিত্রাঙ্কন এবং রাত ৮টার দিকে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের চতুর্থ দিনে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোররা রঙতুলিতে বাংলাদেশের পতাকা, গ্রামীণ দৃশ্যপট, নদ-নদী, প্রাণ-প্রকৃতি, শরৎকাল এবং নড়াইল জেলার ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চিত্রশিল্পী সমীর বৈরাগী, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক সোহেল সরকারসহ অনেকে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার জানান, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় প্রায় ২৫০ শিশু-কিশোর অংশ নেয়। শিশু থেকে উন্মুক্ত পর্যায় পর্যন্ত চিত্রাঙ্কনে চারটি এবং আবৃত্তিতে তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে পাঁচ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
আয়োজকরা জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলছে। মেলায় সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে। বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই নিয়ে সাজানো হয়েছে মেলা। বই বিক্রিতে দেওয়া হচ্ছে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এবারের বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শেষ হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.